নিরাপদ ডিজিটাল জীবনের নিশ্চয়তা নিয়ে আসছে সাকিব আল হাসান

৩ সেপ্টেম্বর, ২০২০ ২২:২৮  
বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলা ভাষায় পারসনাল ডিজিটাল নিরাপত্তার সমাধান তৈরি করেছে জার্মানি কোম্পানি ওয়ার্ডউইজ। আর এই সল্যুশনটি বাংলাদেশে নিয়ে আসছে ক্রিকেটের বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের এ২ এরিনা বাংলাদেশ। এই সল্যুশনটি ইংরেজি ও জার্মানি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও অনুবাদ করা হয়েছে। এটি যেমন মোবাইল চোরের ছবি এর মালিকের কাছে পৌঁছে দেয় একই ভাবে সন্তানকেও নজরে রাখা যায়। ২৫৬ বিটের ব্যক্তিগত তথ্যের এনক্রিপ্টেড সুবিধাও দেবে। আছে ডেটাভল্ট। র‌্যানসামওয়্যার আক্রমণ রুখে দেয়।  ইউএসবি ভ্যাকসিনেট সুবিধার এই সল্যুশনটি  ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে। এছাড়াও ইন্টারনেটে যুক্ত থাকলেও হ্যাকারদের চোখ ফাঁকি দিতে সুরক্ষিত ডিভাইসকে অদৃশ্য করে দেয়। ইতোমধ্যেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে এই সল্যুশনটি উপস্থাপন করেছেন এ২ এরিনা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ইউ খান জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্ডউইজ প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অসিম বসু উপস্থিত ছিলেন। সূত্রমতে, পাঁচটি ভিন্ন প্যাকেটে পরিবেশিত এই ডিজিটাল সিকিউরিটি সফটওয়্যার আজ বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছেছে। শিগগিরি বাংলাদেশসহ তিনটি দেশে আনুষ্ঠানিক ভাবে পরিবেশন শুরু হবে। সল্যুশনটির লিফলেটে নিজের অটোগ্রাফ দিয়ে এ২ এরিনা বাংলাদেশ চেয়ারম্যান সাকিব আল হাসান লিখেছেন, “নিরাপদ ডিজিটাল জীবনের নিশ্চয়তায় আমি আছি আপনাদের সাথে।” অবশ্য এর আগে নরটন এন্টিভাইরাসের বাংলাদেশী ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাকিব। তবে এবার নিজেই এর মাধ্যমে প্রযুক্তি ব্যবসায় নাম লেখালেন ক্রিকেট বিশ্বের এই তারকা খেলোয়াড়। আর তার পরিবেশিত এই ডিজিটাল সল্যুশনের শুভেচ্ছা দূত ভারতের ক্রিকেট কিংবদন্তী বিশ্বকাপ-জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।